Wednesday, 1 December 2021

দেশতত্ত্ব

___হালিম আবদুল্লাহ
দেশ মানে তো মানচিত্র, দেশ মানে তো সীমা
দেশ মানে তো অহংকার আর যুদ্ধের গরিমা
দেশ মানে তো পতাকা ও মুখস্থ আবেগ
দেশ মানে তো জীবনব্যাপী অসুস্থ উদ্বেগ
দেশ মানে তো একের কীর্তি আর সকলে গৌণ
দেশ মানে তো শোষণ মেনেও হাজার বছর মৌন!

দেশ মানে তো রাষ্ট্রনায়ক, শতেক মন্ত্রীসভা
দেশ মানে তো চাকরীজীবী তাদের পরিষেবা
দেশ মানে তো অট্টালিকার পাশে জীর্ণ বাড়ি
দেশ মানে তো লুটের টাকায় কেনা দামী গাড়ি!

দেশ মানে তো ভুলতত্ত্ব, মানুষ বাঁধার কল
দেশ মানে তো দস্যুবৃত্তির অত্যাধুনিক ছল
দেশ মানে তো মুষ্টিমেয়র আনন্দ ও সুখ
দেশ মানে তো সান্ত্রী-সেপাই, মাংসাশী সব মুখ।

দেশ মানে তো দেশহীনতার ক্রুর সম্ভাবনা
দেশ মানে তো বাস্তুহারা, দেশে থাকাই মানা
দেশ মানে তো মানুষ নিয়ে সেই পুরাতন খেলা
দেশ মানে তো দেশের ভিতর মানুষ করা হেলা।

দেশ মানে তো বন্দিশালা, আত্মাহীন এক তত্ত্ব
অসংখ্যকে ডুবিয়ে মারার ঘনান্ধকার গর্ত।

Friday, 15 May 2020

মানুষ ||কাজী নজরুল ইসলাম||

গাহি সাম্যের গান-  
মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান,  
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,  
সব দেশে, সল কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।  
‘পূজারী, দুয়ার খোল,  
ক্ষুদার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো!’  
স্বপ্ন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়  
দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!  
জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুদায় কন্ঠ ক্ষীণ  
ডাকিল পান্থ, ‘দ্বার খোল বাবা, খাইনি তো সাত দিন!’  
সহসা বন্ধ হ’ল মন্দির, ভুখারী ফিরিয়া চলে,  
তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুদার মানিক জ্বলে!  
ভুখারী ফুকারি’ কয়,  
‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’  
  
 মসজিদে কাল শিরনী আছিল, অঢেল গোস্ত রুটি  
বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটিকুটি!  
এমন সময় এলো মুসাফির গায়ে-আজারির চিন্  
বলে ‘বাবা, আমি ভুকা ফাকা আছি আজ নিয়ে সাত দিন!’  
তেরিয়াঁ হইয়া হাঁকিল মোল্লা – ভ্যালা হ’ল দেখি লেঠা,  
ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?  
ভুখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল – তা’ হলে শালা  
সোজা পথ দেখ!’ গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা!  
ভুখারী ফিরিয়া চলে,  
চলিতে চলিতে বলে-  
আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,  
আমার ক্ষুদার অন্ন তা’বলে বন্ধ করোনি প্রভু  
তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী,  
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!  
  
====== 
 

মুনাজাত || কাজী নজরুল ইসলাম||

আমারে সকল ক্ষুদ্রতা হতে  
বাঁচাও প্রভু উদার।  
হে প্রভু! শেখাও -নীচতার চেয়ে  
নীচ পাপ নাহি আর।  
  
 যদি শতেক জন্ম পাপে হই পাপী,  
যুগ-যুগান্ত নরকেও যাপি,  
জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা-  
ক্ষমা নাহি নীচতার।।  
  
 ক্ষুদ্র করো না হে প্রভু আমার  
হৃদয়ের পরিসর,  
যেন সম ঠাঁই পায়  
শত্রু-মিত্র-পর।  
  
 নিন্দা না করি ঈর্ষায় কারো  
অন্যের সুখে সুখ পাই আরো,  
কাঁদি তারি তরে অশেষ দুঃখী  
ক্ষুদ্র আত্মা তার।।  
  
====== 
 

Sunday, 10 May 2020

রবিঠাকুর

।।রবিঠাকুর।।
রিম্পা ষড়ংগী
০৮/০৫/২০
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
রবিঠাকুর মনের ঘরে,বাংলা বিবেকজুড়ে
রবিঠাকুর জীবন গাথায়,ভাবনা গীতিরসুরে।।
রবিঠাকুর মানেই যখন শ্রেষ্ঠ অবদান
রবিঠাকুর কালবিজয়ী বিশ্বভরা গান।।
রবিঠাকুর শিশুর ছড়া,কাব্য কলার মাঝে
রবিঠাকুর রবির কিরণ সাহিত্যেরই খাঁজে।।
রবিঠাকুর চিরন্তনের সৃষ্টি আকাশ ভরা
রবিঠাকুর গর্ব জাতির,ধন্য বসুন্ধরা।।
রবিঠাকুর প্রেমের কবি,বিশ্বচরাচর
বসন্তেরই রঙীন আলোয়  অনুরাগের ঝড়
রবিঠাকুর সংগীতেরই স্বপ্ন দরবেশ
নিত্য যিনি ভাবনালোকের চিরন্তনের লেশ
ভালোবাসার ভাবের যত সূক্ষ্ম উপকরণ
একাই জোগায় রবির ভাষা, সদাই হৃদয় হরণ।।
রবিঠাকুর স্বদেশ চেতা,অনুভবের ভাষা
শিশু,যুবক,বৃদ্ধ সবাই, সবার ভালোবাসা।।
রবিঠাকুর আছেন সবার হৃদয় লোকের পুরে
সংস্কৃতির নিত্য আচার যাচ্ছে না ত দূরে।।
রবিঠাকুর মর্মছুঁয়ে,দুরন্ত প্রত্যয়
সাহিত্যেরই পরিভাষায় সর্বদা অক্ষয়।।

Tuesday, 11 February 2020

হালিম আবদুল্লাহ এর শিরোনামহীন একটি লেখা

পদশব্দ শুনেছি, তিনি আসছেন
যে দিকে কান পাতি কেবল তার কণ্ঠস্বর শুনি, তিনি আসছেন

মেঘে মেঘে উল্লাস আকাশে
বাতাসে ওলট পালট
পাখ পাখালির ঘরে জমে উঠেছে নবান্নের উৎসব
তিনি আসছেন

অষ্টাদশী মেয়ের বুকে উথালি পাথালি প্রেম
বাউলের একতারায় অপ্রাকৃত সুর
তিনি আসছেন

দেহের অভ্যন্তরে বাজে মাদল দ্রিমি দ্রিমি
পদশব্দ শুনেছি, তিনি আসছেন।

দেশতত্ত্ব

___হালিম আবদুল্লাহ দেশ মানে তো মানচিত্র, দেশ মানে তো সীমা দেশ মানে তো অহংকার আর যুদ্ধের গরিমা দেশ মানে তো পতাকা ও মুখস্থ আবেগ দেশ মানে তো জী...

জনপ্রিয় পোষ্ট